ইউএনডিপি, দ্য কোকা-কোলা ফাউন্ডেশন ও স্থানীয় সরকারের যৌথ উদ্যোগে কক্সবাজারে শুরু হচ্ছে ঈদ-পরবর্তী পরিচ্ছন্নতা সচেতনতা কার্যক্রম

March 24, 2026
Group of people on a sunny beach holding banners for Clean Up Activation Campaign 2026.

কক্সবাজার জেলা প্রশাসন ও অন্যান্য স্থানীয় অংশীদারদের সহযোগিতায় এবং দ্য কোকা-কোলা ফাউন্ডেশন (TCCF)-এর সহায়তায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ ২৪–২৬ মার্চ ২০২৬ পর্যন্ত কক্সবাজারে তিন দিনব্যাপী ঈদ-পরবর্তী পরিচ্ছন্নতা ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। এই উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে প্লাস্টিক সার্কুলারিটি প্রকল্পের আওতায়। 

এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো ঈদের পর সমুদ্রসৈকতে বেড়ে যাওয়া প্লাস্টিক বর্জ্য হ্রাস করা, দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের সামুদ্রিক পরিবেশ ও পর্যটন অর্থনীতিকে সুরক্ষিত রাখা। 

ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে ২৪ মার্চ সকাল ১১টায় কক্সবাজারের লাবণী পয়েন্টে। কার্যক্রম চলবে লাবণী ও সুগন্ধা পয়েন্টজুড়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. এ. মান্নান, কক্সবাজার পৌরসভার প্রশাসক মো. শামসুল আল ইমরান, ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি সর্দার এম. আসাদুজ্জামানসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। 

ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে, যার মধ্যে রয়েছে সচেতনতা র‍্যালি, পর্যটক, ব্যবসায়ী, দোকানি ও হোটেল মালিকদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা, এবং গুরুত্বপূর্ণ প্রবেশপথে নতুন বর্জ্য বিন স্থাপন। এছাড়াও প্রতিদিন ৩০ জন তরুণ স্বেচ্ছাসেবক ও ২০ জন পরিচ্ছন্নতা কর্মী মাঠপর্যায়ে কাজ করবেন। তারা সংগৃহীত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, ওজন যাচাই এবং স্থানীয় রিসাইক্লারদের কাছে হস্তান্তর নিশ্চিত করবেন। দীর্ঘমেয়াদি সহায়তার অংশ হিসেবে মোট ৩০টি বর্জ্য বিন ট্যুরিস্ট পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। 

এই উদ্যোগের মাধ্যমে ঈদের পর সৈকতে প্লাস্টিক বর্জ্যের দৃশ্যমান হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং পর্যটন ও বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার হবে বলে আশা করা হচ্ছে