বাংলাদেশে অরেঞ্জ বন্ড ও জেন্ডার-অন্তর্ভুক্তিমূলক টেকসই অর্থায়ন এগিয়ে নিতে UNDP ও IIX-এর পার্টনারশিপ

February 18, 2026
©UNDP Bangladesh

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) এবং ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (IIX) বাংলাদেশে জেন্ডার-অন্তর্ভুক্তিমূলক টেকসই অর্থায়ন এগিয়ে নিতে আজ একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এ সমঝোতার মাধ্যমে উভয় প্রতিষ্ঠান বাংলাদেশের থিমেটিক বণ্ড সম্প্রসারণে ভূমিকা রাখবে, যা নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মূলধন সংগ্রহ করবে — পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রভাব মূল্যায়নের আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখবে। কার্যক্রমের আওতায় থাকবে সম্ভাব্যতা সমীক্ষা, নীতি প্রণয়ন ও স্টেকহোল্ডার সম্পৃক্ততা, কারিগরি সহায়তা এবং বাজার ও ইস্যুকারীদের সক্ষমতা বৃদ্ধি। এ ছাড়া বন্ড ইস্যু-পরবর্তী পর্যবেক্ষণ ও প্রতিবেদন এবং একটি বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক বন্ড বাজার গড়ে তুলতে নিয়ন্ত্রক, বিনিয়োগকারী ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে সক্রিয় যোগাযোগও এই উদ্যোগের অংশ ।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “জেন্ডার সমতা ও জলবায়ু সহনশীলতার জন্য পুঁজি সংগ্রহে শক্তিশালী বাজার অবকাঠামো, সুপরিকল্পিত নীতি সংলাপ এবং বিশ্বস্ত অংশীদারিত্ব প্রয়োজন। IIX-এর সাথে এই সহযোগিতা আমাদের নীতিগত দক্ষতা এবং দেশীয় উপস্থিতির সাথে টেকসই অর্থায়নে বৈশ্বিক উদ্ভাবনকে সমন্বিত করার সুযোগ করে দেবে। এর ফলে অরেঞ্জ বন্ডের মতো থিম্যাটিক বন্ডগুলো জাতীয় অগ্রাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং পরিমাপযোগ্য উন্নয়ন ফলাফল নিশ্চিত করবে।”

অরেঞ্জ বন্ড প্রিন্সিপলস™-এর উদ্ভাবক হিসেবে IIX জেন্ডার-সংবেদনশীল বিনিয়োগ ও প্রভাব পরিমাপে তার দক্ষতা এই অংশীদারিত্বে নিয়ে আসবে। জাতিসংঘের SDG 5 থেকে অনুপ্রাণিত অরেঞ্জ বন্ড ইনিশিয়েটিভ™ নারীর ক্ষমতায়ন ও জলবায়ু লক্ষ্য পূরণে পুঁজি সংগ্রহ করে এবং স্বাধীন যাচাইয়ের ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করে।

IIX-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর দুররীন শাহনাজ বলেন, “বাংলাদেশের ইমপ্যাক্ট ও টেকসই অর্থায়ন ইকোসিস্টেম গঠনে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশটির উন্নয়ন ও এসডিজি এজেন্ডার জন্য একটি সন্ধিক্ষণে আমাদের এই পার্টনারশিপের সূচনা হলো। এটি দেশে ইমপ্যাক্ট বিনিয়োগ ও অরেঞ্জ পুঁজিবাজার শক্তিশালী করতে সরকার, বেসরকারি খাত, সুশীল সমাজ ও উন্নয়ন সহযোগীদের সাথে কাজ করার যৌথ অঙ্গীকারের প্রতিফলন। নীতি, সক্ষমতা বৃদ্ধি, তথ্য ও স্বচ্ছতা এবং পুঁজি সংগ্রহের ওপর আমাদের যৌথ মনোযোগ অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের প্রাতিষ্ঠানিক গ্রহণকে ত্বরান্বিত করবে এবং এসডিজি অর্জনে নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অর্থবহ পরিবর্তনের পথ তৈরি করবে।”

বাংলাদেশ ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে। এই পরিবর্তনের ফলে সহজলভ্য ঋণসুবিধা ও অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এই প্রেক্ষাপটে দেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধি সচল রাখতে একটি বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক পুঁজিবাজার এবং উদ্ভাবনী আর্থিক উপকরণ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএনডিপি ও আইআইএক্স-এর এই সম্মিলিত প্রচেষ্টার লক্ষ্য দীর্ঘমেয়াদী বাজার আস্থা অর্জন এবং থিম্যাটিক বন্ডের মাধ্যমে বাংলাদেশের টেকসই উন্নয়নে অর্থবহ অবদান রাখা — যা বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে দুই প্রতিষ্ঠানের যৌথ আকাঙ্ক্ষারই প্রতিফলন।