মো. মাহমুদুল হাসান সাব্বির: শুধু সার্টিফিকেট নয়, ভবিষ্যৎ গড়ে উঠছে দক্ষতায়

From Certificates to Careers: Empowering Rural Youth with Practical Skills

August 16, 2025
A young man in a red shirt against a red background, expressing determination and hope.
©UNDP Bangladesh

সিরাজগঞ্জেরকামারখন্দের মো. মাহমুদুল হাসান সাব্বির শিক্ষা ও চাকরির মাঝের ব্যবধান ঘোচাতে কাজ করছেন। রায়দৌলতপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা হিসেবে কাজের সময় সাব্বির লক্ষ করেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকার পরও শুধু ব্যবহারিক দক্ষতার অভাবে গ্রামের তরুণদের চাকরি পেতে কষ্ট হচ্ছে।

এ সমস্যাসমাধানে তিনি প্রতিষ্ঠা করেন ‘স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার’, যেখানে তরুণদের হাতেকলমে প্রশিক্ষণের মাধ্যমে শ্রমবাজারের যোগ্য করে তোলা হয়। এটুআই এর সহায়তা এবং পরবর্তীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদনের পর বর্তমানে সেন্টারটি ডিজিটাল সার্ভিস, প্রযুক্তি ও যোগাযোগ দক্ষতায় সনদসহ প্রশিক্ষণ দিচ্ছে। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনেও সাহায্য করছে।

এখানকারপ্রশিক্ষণার্থীরা ডিজিটাল সেন্টারে নাগরিকদের সেবা প্রদান করার মাধ্যমে একদিকে যেমন কাজের অভিজ্ঞতা অর্জন করছেন, তেমনি স্থানীয় জনগোষ্ঠীকেও সহায়তা করছেন। সাব্বির একটি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারও প্রতিষ্ঠা করেছেন, যেখানে ইংরেজি ও জাপানিজ ভাষা শেখানো হয়। সাথে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর প্রাথমিক প্রশিক্ষণও দেওয়া হয়।

অন্তর্ভুক্তিমূলকপদ্ধতিতে পরিচালিত সেন্টারটিতে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা রয়েছে। ব্যক্তিগত ক্যারিয়ার কাউন্সেলিং, মোটিভেশনাল সেশন ও ভবিষ্যৎ উদ্যোক্তাদের জন্য মেন্টরিং এর সুযোগের ফলে অনেক প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ শেষে নিজেদের অনলাইন সার্ভিস সেন্টার বা ছোট ব্যবসা শুরু করেছেন।

এ বিষয়েসাব্বির বলছেন, ‘দক্ষতা আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। আর সেই আত্মবিশ্বাসের মাধ্যমে আমরা নিজেদের পথ খুঁজে নিতে পারি। আমি চাই, আমাদের তরুণরা নিজের পায়ে দাঁড়াক, নিজেদের ভবিষ্যৎ নিজেরা গড়ুক আর সমাজে সম্মানের জায়গা তৈরি করুক।’

তার এই উদ্যোগঅনেকের জীবন বদলে দিয়েছে। তার সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই এখন স্থানীয় পর্যায় ছাড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় চাকরি পাচ্ছেন। অনেক নারীই তাদের পরিবার ও সমাজে অবদান রাখছেন। প্রশিক্ষণের বাইরেও সাব্বিরের সেন্টার মানুষের মনোজগতে একটা পরিবর্তন এনেছে—দক্ষতা শুধু চাকরি পাওয়ার অস্ত্র নয়, দক্ষতা জনগণের ক্ষমতায়নের ভিত্তি।