অপচয় রোধে ফসলের উৎসে—কৃষি স্বপ্ন এর তরুণরা দিচ্ছেন কৃষকদের অগ্রাধিকার

Young leaders in rural Bangladesh are transforming farm-to-market links with traceability, fair pricing, and zero-waste solutions.

August 14, 2025
A man in a yellow shirt stands against an orange background with floating candles.
©UNDP Bangladesh

বাংলাদেশেরবিভিন্ন গ্রামের ফসল সংগ্রহ কেন্দ্রগুলোতে কাজ করছেন একদল তরুণ সংগঠক। তারা ফসলের মান পরীক্ষা করছেন, সমন্বয় করছেন সংগ্রহ থেকে বিপণন পর্যন্ত। আর এতেই নীরবে বদলে যাচ্ছে বাজারে ক্রেতার হাতে পণ্য পৌঁছানোর চিরায়ত পদ্ধতি। কৃষি স্বপ্ন কৃষকের দোরগোড়া থেকে ফসল সংগ্রহ করে, সহজে শনাক্ত করার জন্য সংগৃহীত ফসল নথিভুক্ত করে এবং ন্যায্য দামে সময়মতো ক্রেতাদের কাছে সরবরাহ নিশ্চিত করে। এতে কাজ করা অধিকাংশ তরুণই শিক্ষার্থী, কেউবা মাত্রই চাকরি শুরু করেছেন। কৃষি স্বপ্ন এর সাথে তারা শিখছেন ব্যবসা, প্রযুক্তি আর সামাজিক নেতৃত্বের কৌশল।

তাদেরকাজ করার পদ্ধতিটি সহজ, কিন্তু কার্যকর: কৃষক আর বাজারের মধ্যে দূরত্ব কমিয়ে এনে প্রতিটি ধাপেই স্বচ্ছতা আনা। কৃষকরা তাদের ফসল নিকটবর্তী সংগ্রহ কেন্দ্রে নিয়ে আসেন। ফসল সংগ্রহ কেন্দ্রটি পরিচালনা করেন তরুণরা, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। এখানে ফসলের ব্যাচগুলো ওজন করে মান পরীক্ষা শেষে নথিভুক্ত করা হয়, যেন ক্রেতারা ঠিক কী কিনছেন, তা জানতে পারেন। ন্যায্য দামও চুকিয়ে দেওয়া হয় দ্রুতই। মান পরীক্ষায় কোনো ফসল উত্তীর্ণ না হলে এর সমাধানও আছে। ফেলে রেখে নষ্ট করার বদলে এই ফসলগুলো ব্যবহৃত হয় পশুখাদ্য বা জৈব সার তৈরির কাজে।

এই পুরোপ্রক্রিয়ার প্রভাবগুলো স্পষ্ট ও ব্যাপক। কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন এবং একইসাথে ফসল পরিবহনকালীন ক্ষতিও কমে যাচ্ছে। ক্রেতারা পাচ্ছেন নিরাপদ উৎস থেকে ফসল কেনার নিশ্চয়তা। কেন্দ্রগুলোর আশেপাশে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের বিকাশ ঘটছে, যারা ফসল সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণ করার কাজ করছেন। ফলে স্থানীয় অর্থনীতিতে পড়ছে ইতিবাচক প্রভাব। পাশাপাশি বর্জ্য হ্রাস ও উন্নত ফসল সংরক্ষণ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে জলবায়ু সহনশীলতাও বাড়ছে।

কৃষিস্বপ্ন এর প্রতিষ্ঠাতা সৈয়দ জুবায়ের হাসান বলেন, ‘আমরা কৃষকদের সরাসরি এই পুরো ব্যবসায়িক প্রক্রিয়াটার সাথে যুক্ত করে ভোক্তাদের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করি।’

কৃষিস্বপ্ন এর এই গল্পটির বিশেষত্ব হলো, এখানে কত সহজ আর বাস্তবসম্মত পদ্ধতি অনুসরণ করা হয়েছে। যেখানে প্রয়োজন, সেখানে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে; পণ্যের উৎস অনুসন্ধানে সহজ ডিজিটাল নথি ও ব্লকচেইনভিত্তিক ব্যবস্থার সাহায্য নেওয়া হয়েছে। কিন্তু সবকিছু ছাপিয়ে এই মডেলের প্রাণ হয়ে উঠেছে মানুষের আস্থা। স্থানীয়রা সংগঠিত হচ্ছেন, তরুণরা কৃষকদের ঘরের কাছেই ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিতের দায়িত্ব নিচ্ছেন। কাগজ-কলম হাতে ফসলের তালিকা তৈরি আর হিমাগারে সেগুলো সংগ্রহ থেকে শুরু করে স্বচ্ছ হিসাবনিকাশের মাধ্যমে কৃষি স্বপ্ন এর তরুণরা দেখিয়ে দিচ্ছেন, সহজ সরঞ্জাম আর স্থানীয় নেতৃত্বের মাধ্যমে কীভাবে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২ এর দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ক্ষুধামুক্তির এই লক্ষ্য অর্জনে স্বচ্ছ ও অনুসরণযোগ্য একটি লেনদেন ব্যবস্থাই তাদের হাতিয়ার।