National Consultation Charts Path to Barrier-Free Voting for Persons with Disabilities
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান
August 31, 2025
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অংশগ্রহণ সহজ হয় এমন নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন আজ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং সাইটসেভার্স ইকুয়াল বাংলাদেশ-এর সহযোগিতায় "‘ন্যাশনাল কনসালটেশন অন ইনক্লুশান অব পারসনস উইথ ডিজ্যাবিলিটিস ইন ইলেকটোরাল প্রসেস" শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে।
বাংলাদেশে নিবন্ধিত ভোটারদের মধ্যে ৩০ লক্ষাধিক প্রতিবন্ধী ব্যক্তি থাকলেও ধারণা করা হয়, বিগত নির্বাচনে তাদের মাত্র প্রায় ১০ শতাংশ ভোট দিতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (BCFCC) অনুষ্ঠিত এই পরামর্শ সভায় নীতিনির্ধারক, নির্বাচন কর্মকর্তা, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (OPDs), সিভিল সোসাইটি এবং উন্নয়ন সহযোগীরা একত্রিত হয়ে বাস্তবসম্মত সমাধান নিয়ে আলোচনা করেন। আলোচনায় উত্থাপিত সমাধানগুলোর মধ্যে ছিল প্রতিবন্ধকতামুক্ত ভোটকেন্দ্র, প্রতিবন্ধীদের জন্য অগ্রাধিকারমূলক ব্যবস্থা, প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী, সহজলভ্য তথ্যের ব্যবস্থা এবং নির্বাচন পর্যবেক্ষণে OPDs-এর সক্রিয় অংশগ্রহণ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় নির্বাচন কমিশনার অবুল ফজল মো. সানাউল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গঠনের মূলভিত্তি। নির্বাচন কমিশন বাস্তবসম্মত সমাধানের মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে প্রতিটি নাগরিক মর্যাদার সঙ্গে ভোট দিতে পারেন।”
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “অ্যাক্সেসিবিলিটি কেবল অধিকার নয়, এটি কার্যকর শাসনেরও অংশ। আমরা ভোটকেন্দ্রগুলোকে আরও সহজলভ্য করতে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার উল্লেখ করেন, “প্রতিটি ভোটকেন্দ্র সহজগম্য হতে হবে, কারণ সবার ভোটাধিকার কখনোই কার্যকর হবে না যদি প্রতিবন্ধী ব্যক্তিরা ভোট দিতে না পারে"
তিনি আরও বলেন, “আমাদের 'ব্যালট' এবং 'ড্রিপ' প্রকল্পের মাধ্যমে আমরা অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিকমূলক নির্বাচন করার লক্ষে, নির্বাচন কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি, এবং ভোট সংক্ৰান্ত তথ্য সহজ ফরম্যাটে সকল নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি।”
সুইজারল্যান্ড দূতাবাসের কাউন্সেলর ও রাজনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগ বিষয়ক প্রধান আলবার্তো জিওভানেত্তি এবং সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি- মানবাধিকার, গণতন্ত্র ও জেন্ডার সমতা বিষয়ক পাওলো ক্যাস্ত্রো নেইডারস্ট্যাম প্রতিবন্ধী-অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অগ্রসর করার ক্ষেত্রে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
সাইটসেভার্স-এর ক্যাম্পেইন অ্যাডভাইজার আয়ন দেবনাথ এবং বিস্ক্যান (B-SCAN)-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সালমা মাহবুব যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এর পর একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়, যা পরিচালনা করেন ইউএনডিপি বাংলাদেশের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং স্পেশালিস্ট আসিম ডিও।
সাইটসেভার্স-এর কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও এবং ইউএনডিপি-এর ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আনোয়ারুল হকসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
জাতীয় এই পরামর্শ সভাটি আয়োজন করা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন ও ইউএনডিপি'র যৌথ উদ্যোগে বাস্তবায়িত ব্যালট আর ড্রিপ প্রকল্পের আওতায়। এর মূল উদ্দেশ্য হলো সবার জন্য অন্তর্ভুক্তিমূলক, সহজলভ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করা। ইউএন উইমেন, ইউনেস্কো, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, সুইডেন ও জাপান সরকারের যৌথ সহায়তায় বাস্তবায়িত হচ্ছে এই উদ্যোগ, যেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কেউ বাদ না যায় ।