প্লাস্টিকমুক্ত ভবিষ্যত নিশ্চিত করতে ইউএনডিপি ইয়ুথ অ্যাডভোকেট শাকিলের সী-টু-সামিট বা সমুদ্র থেকে পর্বতচূড়া” যাত্রা
May 29, 2025
পরিবেশবান্ধব কাজের প্রচারণার সাথে মানুষের সহনশীলতার মেলবন্ধন রচনা করে এক ঐতিহাসিক কীর্তি অর্জন করেছেন বাংলাদেশী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। ইউএনডিপির ইয়ুথ অ্যাডভোকেট শাকিল কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত থেকে ১৩৭২ কিলোমিটার পথ হেঁটে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে তার সী-টু-সামিট অভিযান সম্পন্ন করেছেন। এই অভিযানের লক্ষ্য ছিল প্লাস্টিক দূষণ, টেকসই জীবনযাপন এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তার এই অসামান্য কৃতিত্ব উদযাপন করতে, ইউএনডিপি নেপাল আজ তার সম্মানে একটি বিশেষ সংবর্ধনার আয়োজন করে, যেখানে নেপালের খ্যাতনামা পর্বতারোহী ও ইউএনডিপি নেপালের ক্লাইমেট ইনফ্লুয়েন্সার পূর্ণিমা শ্রেষ্ঠাও উপস্থিত ছিলেন।
এই উদ্যোগটি ইউএনডিপি কর্তৃক এশিয়ার নয়টি দেশে বাস্তবায়িত প্লাস্টিক সার্কুলারিটি প্রকল্পের অংশ, যা জনগোষ্ঠীর সম্পৃক্ততা, উদ্ভাবন এবং যুবসমাজ নেতৃত্বের মাধ্যমে প্লাস্টিক দূষণ রোধের কার্যক্রম নিয়ে কাজ করছে ।
ইউএনডিপি নেপালের আবাসিক প্রতিনিধি কিয়োকো ইয়োকোসুকা বলেন, “শাকিলের এই যাত্রা কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, এটি সবাই মিলে দায়িত্ব পালনের একটি শক্তিশালী আহ্বান। সমুদ্রপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের চূড়া পর্যন্ত তিনি এই বার্তা বহন করেছেন যে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে আমাদের লড়াই তার অভিযানের মতোই দুঃসাহসী এবং সীমান্ত কাঁটাতারের ঊর্ধ্বে হওয়া উচিত। একটি পরিচ্ছন্ন, সবুজ গ্রহের জন্য এই অমূল্য অভিযানে সহযোগিতা দিতে পেরে ইউএনডিপি নেপাল গর্বিত।”
৮৪ দিনের এই ট্রেকিংয়ে, শাকিল যমুনা নদী সাঁতার কেটে পার হয়েছেন, হেঁটে হেঁটে বাংলাদেশ, ভারত এবং নেপালের নানান জনগোষ্ঠীর সাথে মিশেছেন এবং চলার পথে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেছেন। তার প্রচেষ্টা বিশ্বব্যাপী আগ্রহের জন্ম দিয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্ট জয়কারী সর্বকনিষ্ঠ এবং দ্রুততম বাংলাদেশী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জনের সম্ভাবনাও রয়েছে শাকিলের।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, "শাকিলের অভিযাত্রা যুবসমাজের নেতৃত্বে জলবায়ু বিষয়ক কর্মকাণ্ডের চেতনাকে ধারণ করে। প্লাস্টিক সার্কুলারিটি প্রকল্প- যা দক্ষিণ এশিয়া জুড়ে মানুষকে একবার ব্যবহৃত প্লাস্টিকের বিরুদ্ধে লড়াইয়ে একত্রিত করে- এর মাধ্যমে তার পাশে থাকতে পেরে আমরা গর্বিত।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে নেপালে বাংলাদেশের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (অ্যাড ইন্টারিম) মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
ইউএনডিপির আঞ্চলিক প্লাস্টিক সার্কুলারিটি প্রকল্প তরুণ নেতাদের ক্ষমতায়ন, পরিবেশবান্ধব উদ্যোগসমূহকে সমর্থন এবং দক্ষিণ এশিয়া জুড়ে নীতি সংস্কারের পক্ষে প্রচারণা অব্যাহত রেখেছে। শাকিল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের উপরে পতাকা স্থাপন করেছেন। তার পদচিহ্ন সরকার, জনগোষ্ঠী এবং ব্যক্তি পর্যায়ে সকলকে এগিয়ে যাওয়ার পথ দেখাবে।